ad

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণায় সরকারি কর্মচারীদের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন

Views

 


গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণায় সরকারি কর্মচারীদের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন


আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গণভোট বিষয়ে জনগণকে সচেতন করার সুযোগ থাকলেও সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তারা কোনোভাবেই ভোটারদের নির্দিষ্টভাবে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না

কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এ ধরনের পক্ষপাতমূলক প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

আইন অমান্য করলে শাস্তির মুখে পড়বেন সরকারি কর্মচারীরা

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি কর্মচারীরা যদি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’র পক্ষে প্রচারণায় অংশ নেন, তাহলে তা আইনের চোখে অপরাধ হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ

চিঠিতে কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে, যাতে গণভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ থাকে।

এই অফিস আদেশে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন

নিরপেক্ষ গণভোট আয়োজনই লক্ষ্য

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণভোটকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং সরকারি কর্মচারীদের কোনো ধরনের রাজনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।

বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

নম্বর-১৭,০০,০০০০.০৩৪,৩৬,০০২.২৬-১৪৪

তারিখ: ১৫ মাঘ ১৪৩২ ২৯ জানুয়ারি ২০২৬

বিষয়: ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে “হ্যাঁ অথবা না” এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে বা 'না' এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনভাবে আহবান জানাতে পারবেন না। কেননা, এ ধরণের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

২। বর্ণিতাবস্থায়, উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মোহাম্মদ মনির হোসেন)

উপসচিব

নির্বাচন পরিচালনা-২ অধিশাখা



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.