এনটিআরসিএ’র ৭ম বিশেষ গণনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ
এনটিআরসিএ’র ৭ম বিশেষ গণনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।
শূন্যপদের বিস্তারিত
এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী—
স্কুল ও কলেজ পর্যায়ে এমপিওভুক্ত শূন্যপদ: ২৯,৫৭১টি
মাদ্রাসা পর্যায়ে এমপিওভুক্ত শূন্যপদ: ৩৬,৮০৪টি
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পর্যায়ে এমপিওভুক্ত শূন্যপদ: ৮৩৩টি
সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,২০৮টি। তবে প্রয়োজনে এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীরা অনলাইনে (e-Application) আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ: ১০ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত
আবেদন ফরম সাবমিট করার পর ২৪ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
যেসব প্রার্থী শেষ সময়ে আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন না, তারা ১৮ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি পরিশোধের সুযোগ পাবেন।
বয়স ও নিবন্ধন সনদের শর্ত
আবেদনকারীর বয়স ০৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হতে হবে ফলাফল প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে।
যোগ্যতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী বৈধ শিক্ষক নিবন্ধন সনদধারী হতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
প্রার্থী কেবলমাত্র নিজের নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়ের পদেই আবেদন করতে পারবেন।
একজন প্রার্থী সর্বোচ্চ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ (Choice) দিতে পারবেন।
ইনডেক্সধারী শিক্ষকদের জন্য নির্দেশনা
ইতোমধ্যে এমপিওভুক্ত ও কর্মরত (ইনডেক্সধারী) শিক্ষকরা সমপদে পুনরায় আবেদন করতে পারবেন না। তবে উচ্চতর বা নিম্নতর ভিন্ন পদের জন্য বৈধ প্রত্যয়নপত্র থাকলে আবেদন করা যাবে।
আবেদন ফি
প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ) আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।
ফলাফল ও নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী শূন্যপদের বিপরীতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।
এনটিআরসিএ’র সতর্কবার্তা
নিয়োগ সংক্রান্ত যেকোনো মিথ্যা তথ্য প্রদান বা আইনগত জটিলতার কারণে নিয়োগ বাতিল হলে তার দায় এনটিআরসিএ বহন করবে না। এছাড়া বিজ্ঞপ্তির শর্তাবলী যে কোনো সময় পরিবর্তন বা স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিস্তারিত তথ্য, পদভিত্তিক শূন্যপদের তালিকা ও আবেদন ফরম পাওয়া যাবে এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক-এর ওয়েবসাইটে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিকে দেশের বেসরকারি শিক্ষাখাতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা।
www.ntrca.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০৫.০০০০.০০০.০১১.০১.০০০৪.২৫-০৬
তারিখ: ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬
দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে (e-Application) আহবান করা হচ্ছে:
১. শূন্যপদের বিবরণ:
ক) শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনঃ স্কুল ও কলেজ
পদের ধরনঃ এমপিও
সংখ্যাঃ ২৯,৫৭১
খ) শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনঃ মাদ্রাসা
পদের ধরনঃ এমপিও
সংখ্যাঃ ৩৬,৮০৪
গ) শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনঃ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
পদের ধরনঃ এমপিও
সংখ্যাঃ ৮৩৩
সর্বমোটঃ ৬৭,২০৮
*উল্লেখিত সংখ্যা কম/বেশী হতে পারে।
১. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে Application ফরম Submit এর পর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে e-Application ফি জমা দিতে হবে।
২. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: বয়স ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছরের মধ্যে হতে হবে (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০,০০০,০৭৩.০৮, ০০০১.২৫.১ স্মারক)।
৩. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।
8. আবেদনকারীর যোগ্যতা:
(ক) সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে;
(খ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ NTRCA-এর ওয়েবসাইটের "৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)" নামক সেবা বক্সে পাওয়া যাবে;
(গ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সমতা বিধান হওয়ায় নিবন্ধন সনদে প্রতিষ্ঠানের ধরণ ভিন্ন থাকলেও পদ ও বিষয়ে এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে এনটিআরসিএ এর সেবা বক্সে ভিজিট করুন;
৫.ইনডেক্সধারী (এমপিওভুক্ত কর্মরত) শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা:
(ক) কর্মরত শিক্ষকগণের (ইনডেক্সধারী) ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃআবেদন বিবেচনা করা হবে না। তবে, কর্মরত পদ ব্যতীত অন্য কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসিএ-এর প্রত্যয়নপত্র থাকলে ইনডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন।
(খ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট "ঘ" এর ২৪ নং ক্রমিক অনুযায়ী "বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন"।
(গ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট "ঘ" এর ২১ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ধর্মের অনুসারী হতে হবে।
৬. আবেদন ফরমটি (e-Application) পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না।
৭. (ক) প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় (স্কুল-২, স্কুল ও কলেজ) একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন।
(খ) আবেদন ফি: প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ) আবেদনকারীকে নির্ধারিত ১০০০.০০ (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে।
(গ) যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে Application ID পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৮ জানুয়ারি ২০২৬খ্রি. তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ দেওয়া হবে।
(ঘ) ছবি: নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৮. পুলিশ ভেরিফিকেশন ফরম: প্রত্যেক আবেদনকারীকে e-Application ফরম পূরণের সময়েই পুলিশ ভেরিফিকেশন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে।
৯. একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ০৭ (সাত) টি শিক্ষাপ্রতিষ্ঠানের Choice দিতে পারবেন। উক্ত Choice প্রদানের পর কোন প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত 'Other' Option নামক বক্সে 'Yes' Click করতে হবে অথবা কোন প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক না হন তবে 'NO' Click করতে হবে। 'Yes' Click করলে তিনটি Option পাওয়া যাবে। যথা: (i) General (ii) Madrasha (iii) Technical। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি Option এর যে কোন একটি অথবা দুইটি অথবা তিনটি Option এ Choice প্রদান করতে পারবেন। তিনটি Option এর মধ্যে একাধিক Option পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে।
১০. প্রার্থীর আবেদনে বর্ণিত Choice এর প্রেক্ষিতে প্রার্থীর শূন্যপদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল Process করা হবে। যদি কোন প্রার্থী তার Choice অনুযায়ী কোন প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি Other Option এ Yes Click করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল Process করা হবে।
১১. কোন প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে।
১২. সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের (Applicant's copy) একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
১৩. প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে।
১৪. নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ঐ সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত/বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫. মিথ্যা তথ্য প্রদান/মামলা সংক্রান্ত আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।
১৬. এই গণবিজ্ঞপ্তির যে কোন শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোন সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে।
স্বাক্ষরিত
(মোঃ মাহবুব হাসান শাহীন) সদস্য (যুগ্মসচিব)
শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগ
এনটিআরসিএ, ঢাকা




No comments
Your opinion here...