ভোটকেন্দ্র সংস্কারের অর্থ অন্য খাতে ব্যয় নিষিদ্ধ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা
ভোটকেন্দ্র সংস্কারের অর্থ অন্য খাতে ব্যয় নিষিদ্ধ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কার ও মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থ কেবলমাত্র নির্ধারিত খাতেই ব্যয় করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে, সেগুলোর প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
ডিপিই জানায়, উক্ত বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার ও মেরামত খাতেই ব্যয় করা যাবে। এর বাইরে অন্য কোনো খাতে এই অর্থ ব্যয়ের কোনো সুযোগ নেই। নির্দেশনা অমান্য করে ভিন্ন খাতে অর্থ ব্যয় করলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য আলাদাভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সংস্কার ও মেরামতের বরাদ্দ থেকে সিসি ক্যামেরা সংক্রান্ত কোনো ব্যয় করা যাবে না।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে—বরাদ্দকৃত অর্থ যেন সংস্কার ও মেরামত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় না করা হয়।
শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও পরিবেশ উপযোগী রাখতে বিদ্যালয়গুলোর প্রয়োজনীয় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ ধরনের কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনা দেশের সকল ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০০৪.২৫.৫৭
তারিখ: ২৭ পৌষ ১৪৩২
১১ জানুয়ারি ২০২৬
বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রসমূহের সংস্কার ও মেরামত বাবদ বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সংস্কার ও মেরামতের নিমিত্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। উক্ত বরাদ্দকৃত অর্থ কেবলমাত্র সংস্কার ও মেরামত খাতে ব্যয়যোগ্য। অন্য কোনো খাতে উক্ত বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সুযোগ নেই। উল্লেখ্য, ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পৃথকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২। এমতাবস্থায়, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অনুকূলে বরাদ্দকৃত অর্থ সংস্কার ও মেরামত ভিন্ন অন্য কোনো খাতে ব্যয় না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)।



No comments
Your opinion here...