আবেদন যাচাই ছাড়া অনুদান অনুমোদন নয়: কর্মচারী কল্যাণ বোর্ডের নতুন নির্দেশনা
আবেদন যাচাই ছাড়া অনুদান অনুমোদন নয়: কর্মচারী কল্যাণ বোর্ডের নতুন নির্দেশনা
ঢাকা, ৯ জুলাই ২০২৬: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সাধারণ চিকিৎসা অনুদান, কল্যাণ অনুদান এবং যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান প্রদানের ক্ষেত্রে আবেদনসমূহ যথাযথ যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত ৯ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের অনুদান সেবা বর্তমানে অনলাইন ব্যবস্থার মাধ্যমে একাধিক ধাপে অনুমোদন করা হয়। এসব আবেদন অনুমোদনের আগে আবেদনকারীর প্রদত্ত তথ্য, সংযুক্ত কাগজপত্র, অনুদান পাওয়ার যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রতিটি আবেদন সতর্কতার সঙ্গে যাচাই করা বাধ্যতামূলক।
তবে বোর্ডের নজরে এসেছে, কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন না করেই আবেদন অনুমোদন দেওয়া হচ্ছে। এতে অনুদান ব্যবস্থাপনায় ভুল বা অনিয়মের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আবেদনকারীর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর, মঞ্জুরিকৃত অনুদানের পরিমাণসহ গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে যাচাই করছেন না। ফলে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে প্রশাসনিক ত্রুটি বা আর্থিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে সাধারণ চিকিৎসা অনুদান, কল্যাণ অনুদান এবং যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানসহ সকল সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। আবেদনকারীর তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক সংক্রান্ত তথ্য এবং অনুদানের প্রাপ্যতা সম্পূর্ণভাবে যাচাই করার পরই কেবল চূড়ান্ত অনুমোদন দেওয়া যাবে।
কর্মচারী কল্যাণ বোর্ডের এই নির্দেশনার মাধ্যমে অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এক নজরে
আবেদন যাচাই ছাড়া কোনো অনুদনের চূড়ান্ত অনুমোদন দেওয়া যাবে না।
আবেদনকারীর তথ্য ও সংযুক্ত কাগজপত্র বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর সতর্কতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
মঞ্জুরিকৃত অনুদানের পরিমাণ ও প্রাপ্যতা বিধি অনুযায়ী নিশ্চিত করতে হবে।
সাধারণ চিকিৎসা, কল্যাণ এবং যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের ক্ষেত্রে নির্দেশনা কার্যকর হবে।
সকল কর্মকর্তা-কর্মচারীকে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে আবেদন যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দিতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
জনপ্রশাসন মন্ত্রণালয় ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১তলা) সেগুনবাগিচা, ঢাকা।
(web: www.bkkb.gov.bd)
স্মারক নম্বর ০৫.৮১.০০০০,০০০,০০৫.৪১,০০০২.২৬.০২
তারিখ: ২৫ আষাঢ় ১৪৩৩ ০৯ জুলাই ২০২৬
বিষয়ঃ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে সেবা প্রদানের ক্ষেত্রে আবেদনসমূহ যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণপূর্বক অনুমোদনের বিষয়ে নির্দেশনা।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয় থেকে সাধারণ চিকিৎসা অনুদান, কল্যাণ অনুদান এবং যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান সেবা প্রদানের ক্ষেত্রে অনলাইন সিস্টেমে একাধিক ধাপে আবেদন অনুমোদনের ব্যবস্থা রয়েছে। উক্ত সেবার আবেদনসমূহ অনুমোদনের পূর্বে আবেদনকারীর প্রদত্ত তথ্য, সংযুক্ত কাগজপত্র, প্রাপ্যতা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা প্রয়োজন। কিছু কিছু আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই না করেই অনুমোদন দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
০২। উল্লেখ্য, বোর্ডের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক কিছু কিছু ক্ষেত্রে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর এবং মঞ্জুরিকৃত টাকার পরিমাণসহ অন্যান্য তথ্যাদি সঠিকভাবে যাচাই বাছাই সম্পন্ন করা হচ্ছে না বলে প্রতীয়মান হয়।
০৩। এমতাবস্থায়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে সেবা প্রদানের ক্ষেত্রে সেবা সংশ্লিষ্ট বিধি-বিধান ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক আবেদনসমূহ যাচাইয়ান্তে চূড়ান্ত অনুমোদন প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(মোঃ জামিরুল ইসলাম)
পরিচালক (প্রশাসন)


No comments
Your opinion here...