নিয়োগ ও পদোন্নতি পরীক্ষার সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ: নতুন পরিপত্র জারি অর্থ বিভাগের
নিয়োগ ও পদোন্নতি পরীক্ষার সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ: নতুন পরিপত্র জারি অর্থ বিভাগের
নিজস্ব প্রতিবেদন: সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী, পরীক্ষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সম্মানি ও পারিতোষিকের নতুন হার নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ বিষয়ে ২০২৬ সালের ২ জুলাই অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ (প্রবিধি-২ শাখা) থেকে নম্বর-০৭.০০.০০০০.০০০.১৭২.৩৩.০০০৩.২৬-১৯৭ স্মারকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে জানানো হয়েছে, পরিপত্র জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে এবং এ বিষয়ে অর্থ বিভাগের ২০ অক্টোবর ২০২৫ তারিখের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।
নতুন সম্মানি ও পারিতোষিকের হার
অর্থ বিভাগের নতুন পরিপত্র অনুযায়ী—
প্রশ্নপত্র প্রণয়ন
প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি ৬,০০০ টাকা সম্মানি নির্ধারণ করা হয়েছে।
বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি
বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভার জন্য জনপ্রতি ৬,০০০ টাকা সম্মানি পাবেন।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বোর্ড
মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের জন্য প্রতি দিনের সম্মানি ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উত্তরপত্র মূল্যায়ন
পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা।
পূর্ণ অবজেকটিভ (Objective) উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা।
উত্তরপত্র নিরীক্ষণ
প্রতিটি উত্তরপত্র নিরীক্ষণের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপ্যায়ন ব্যয়
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা পরিচালনা, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে—
দুপুর বা রাতের খাবার (প্রযোজ্য ক্ষেত্রে) এবং
দৈনিক সর্বোচ্চ দুইবার নাস্তার ব্যয়
‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ এবং সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নির্বাহ করতে হবে।
পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট কর্মচারীদের সম্মানি
প্রতি দিনের জন্য—
৯ম গ্রেড ও তদূর্ধ্ব: ১,৮০০ টাকা
১০ম থেকে ১৬তম গ্রেড: ১,২০০ টাকা
১৭তম থেকে ২০তম গ্রেড: ১,০০০ টাকা
খাতা পুনর্মূল্যায়ন
প্রতিটি খাতা পুনর্মূল্যায়নের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভেন্যু সমন্বয়কারীর সম্মানি
পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান অথবা মনোনীত সমন্বয়কারী (১ জন) ৩,৫০০ টাকা সম্মানি পাবেন।
কেন্দ্র পরিদর্শক
লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শকের জন্য প্রতি দিনের সম্মানি ১,৮০০ টাকা।
পরীক্ষা পরিচালনার অন্যান্য ব্যয়
আসনবিন্যাস বাবদ প্রতি পরীক্ষার্থী ৩ টাকা
উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) প্রতি পরীক্ষার্থী ১২ টাকা
প্রশ্নপত্র প্রস্তুত (কাগজ, কালি, ডুপ্লিকেটিং ব্যয়সহ) প্রতি পরীক্ষার্থী ৫ টাকা
ওএমআর ও কোডিং ব্যয়
ওএমআর টপশিট মুদ্রণ/ক্রয়: ২০ টাকা (ইউনিট প্রতি)
লিথোগ্রাফিক কোডিং ও ডি-কোডিং: ৫ টাকা
প্রচলিত কোডিং ও ডি-কোডিং: ৪ টাকা
বিবিধ ব্যয়
ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক খাতে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ব্যয় করা যাবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি
পরিপত্রে ব্যয় সংক্রান্ত একাধিক শর্ত আরোপ করা হয়েছে। উল্লেখযোগ্য শর্তগুলো হলো—
বরাদ্দকৃত নিয়োগ বাজেট থেকেই সব ব্যয় নির্বাহ করতে হবে; অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না।
একই দিনে একাধিক পদের প্রশ্নপত্র প্রণয়ন করলেও একজন সদস্য বা বিশেষজ্ঞ একটির বেশি সম্মানি পাবেন না।
একই কার্যদিবসে একাধিক নির্বাচন বা পদোন্নতি কমিটির সভা হলেও একটির বেশি সভার সম্মানি প্রাপ্য হবে না।
একই দিনে লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার একাধিক কার্যক্রম থাকলেও সর্বোচ্চ দুইটি সম্মানি পাওয়া যাবে।
উৎসে আয়করসহ প্রযোজ্য সকল সরকারি কর ও বিধিবদ্ধ কর্তন যথাযথভাবে পরিশোধ বা কর্তন করতে হবে।
স্কুল বা কলেজকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করলে কোনো ধরনের ভেন্যু বা কেন্দ্র ফি প্রদান করা যাবে না।
প্রশ্নপত্র প্রস্তুতি, উত্তরপত্র মূল্যায়ন, নিরীক্ষণ, ওএমআর, কোডিং-ডিকোডিংসহ অন্যান্য ব্যয় প্রকৃত প্রয়োজন ও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।
সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সব ব্যয়ের ভাউচার ও রসিদ সংরক্ষণ করতে হবে।
এই পরিপত্র জারির আগের সময়ের জন্য কোনো বকেয়া বা আর্থিক সুবিধা দাবি করা যাবে না।
কার্যকারিতা
পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, ২ জুলাই ২০২৬ তারিখ থেকে নতুন সম্মানি ও পারিতোষিকের হার কার্যকর হবে। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সম্মানির হার বিষয়ে অর্থ বিভাগের ২০ অক্টোবর ২০২৫ তারিখের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।
পরিপত্রে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষর করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রবিধি অনুবিভাগ প্রবিধি-২ শাখা
নম্বর-০৭,০০,০০০০,০০০,১৭২,৩৩,০০০৩.২৬-১৯৭
তারিখ: ১৮ আষাঢ় ১৪৩৩ ০২ জুলাই ২০২৬
পরিপত্র
বিষয়: মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানি/পারিতোষিক
সরকার সকল মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানি/পারিতোষিক নিম্নোক্ত হারে নির্ধারণ/পুনঃনির্ধারণ করিল:
বিষয়:
০১) প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানি (জনপ্রতি)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
৬,০০০/- (ছয় হাজার) টাকা
বিষয়ঃ
০২) বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানি (প্রতি সভার জন্য জনপ্রতি)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
৬,০০০/- (ছয় হাজার) টাকা
বিষয়ঃ
০৩) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য। বিশেষজ্ঞদের সম্মানি (প্রতি দিনের জন্য জনপ্রতি)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
৬,০০০/- (ছয় হাজার) টাকা
বিষয়ঃ
০৪) উত্তরপত্র পরীক্ষণ:
ক) পূর্ণ উত্তরপত্র (প্রতিটি):
খ) পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
ক) ১৩০/- (একশত ত্রিশ) টাকা
খ) ৩৫/- (পঁয়ত্রিশ) টাকা
বিষয়ঃ
০৫) উত্তরপত্র নিরীক্ষণ (প্রতিটি)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
১৫/- (পনেরো) টাকা
বিষয়ঃ
০৬) লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/ প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয়
(জনপ্রতি):
ক) দুপুর/রাতের খাবার (প্রযোজ্য ক্ষেত্রে)
খ) নাস্তা (দৈনিক সর্বোচ্চ ২ বার)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬ এবং
সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণযোগ্য
বিষয়ঃ
০৭) লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের সম্মানি (প্রতি দিনের জন্য জনপ্রতি)
ক) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেড
খ) ১০ম গ্রেড থেকে ১৬তম গ্রেড
গ) ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
ক) ১,৮০০/- (এক হাজার আটশত) টাকা
খ) ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা
গ) ১,০০০/- (এক হাজার) টাকা
বিষয়ঃ
৮) খাতা পুনঃমূল্যায়ন
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
৫০/- (পঞ্চাশ) টাকা
বিষয়ঃ
০৯) ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানি (০১ জন)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা
বিষয়ঃ
১০) লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানি (প্রতি দিনের জন্য জনপ্রতি)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
১,৮০০/- (এক হাজার আটশত) টাকা
বিষয়ঃ
১১) লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ ব্যয় (প্রতি পরীক্ষার্থীর জন্য)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
০৩/- (তিন) টাকা
বিষয়ঃ
১২) লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরী (কাগজসহ) (প্রতি পরীক্ষার্থীর জন্য)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
১২/- (বারো) টাকা
বিষয়ঃ
১৩) প্রশ্নপত্র তৈরি: প্রশ্নপত্রের কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ (প্রতি পরীক্ষার্থীর জন্য)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
০৫/- (পাঁচ) টাকা
বিষয়ঃ
১৪) ক) ও এম আর টপশীট মুদ্রণ ও ক্রয় (ইউনিট প্রতি)
খ) লিথোগ্রাফিক কোডিং ও ডি কোডিং (ইউনিট প্রতি)
গ) প্রচলিত কোডিং ও ডি কোডিং (ইউনিট প্রতি)
প্রযোজ্য ক্ষেত্রে
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
ক) ২০/- (বিশ) টাকা
খ) ০৫/- (পাঁচ) টাকা
গ) ০৪/- (চার) টাকা
বিষয়ঃ
১৫) বিবিধ (ট্রাঙ্ক, তালা/চাবি, কাগজ, কলম এবং অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি) (সাকুল্যে)
নির্ধারিত/পুনঃনির্ধারিত হারঃ
অনধিক ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা
শর্তাবলি:
(ক) বরাদ্দকৃত বাজেটের নিয়োগের নির্ধারিত খাত হইতে এ ব্যয় নির্বাহ করিতে হইবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবী করা যাইবে না;
(খ) একাধিক পদের পরীক্ষা হইলেও প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্বাচন কমিটির সদস্য/বিশেষজ্ঞগণ দৈনিক জনপ্রতি ১ (এক) টির বেশি সম্মানি প্রাপ্য হইবেন না;
(গ) একই কার্যদিবসে পদোন্নতি/নির্বাচন কমিটির একাধিক সভার ক্ষেত্রে একটির বেশি সম্মানি প্রাপ্য হইবেন না;
(ঘ) একই কার্যদিবসে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হইলে একাধিক পদের পরীক্ষা হইলেও সর্বোচ্চ ০২ (দুই)টি সম্মানি প্রাপ্য হইবেন;
(ঙ) এ অর্থ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করিতে হইবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়করসহ সকল প্রকার সরকারি কর ও বিধিবদ্ধ কর্তন যথাযথভাবে পরিশোধ/কর্তন করিতে হইবে;
(চ) স্কুল/কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোন অবস্থাতেই ভেন্যু/কেন্দ্র ফি বা অন্য কোন প্রকার চার্জ প্রদান করা যাইবে না;
(ছ) প্রশ্নপত্র প্রস্তুতি, উত্তরপত্র মূল্যায়ন, উত্তরপত্র নিরীক্ষণ, ওএমআর টপশিট মুদ্রণ/ক্রয়, কোডিং-ডিকোডিং, জ্বালানী এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় প্রকৃত প্রয়োজন ও অর্থ বিভাগ কর্তৃক নির্ধারিত হারের মধ্যে সীমাবদ্ধ রাখিতে হইবে;
(জ) সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক প্রচলিত আর্থিক বিধি-বিধান, ক্রয়বিধি এবং নিরীক্ষা নির্দেশনা অনুসরণ করিতে হইবে। সকল ব্যয়ের যথাযথ ভাউচার/রসিদ সংরক্ষণ করিতে হইবে। এ ব্যয়ে কোন আর্থিক অনিয়ম পরিলক্ষিত হইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবেন; এবং
(ঝ) এই পরিপত্র জারির পূর্ববর্তী সময়ের জন্য কোন আর্থিক সুবিধা বা বকেয়া দাবি করা যাইবে না।
২. পরিপত্র জারির তারিখ হইতে এ হার কার্যকর হইবে; এবং
৩. মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানি/পারিতোষিক হার সম্পর্কিত অর্থ বিভাগের ২০.১০.২০২৫ তারিখের ৩৩০ নং স্মারকটি এতদ্দ্বারা বাতিল করা হইল।
স্বাক্ষরিত
ড. মোঃ ফেরদৌস আলম
যুগ্মসচিব




No comments
Your opinion here...