জুম প্ল্যাটফর্মে সরকারি সেমিনার-কর্মশালার সম্মানির নতুন হার ঘোষণা
জুম প্ল্যাটফর্মে সরকারি সেমিনার-কর্মশালার সম্মানির নতুন হার ঘোষণা
অনলাইনে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুনঃনির্ধারণ করল সরকার
ঢাকা, ১৬ জুন ২০২৬: সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানির হার পুনঃনির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইনে আয়োজিত সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক (যদি থাকে) পাবেন ৪ হাজার ৫০০ টাকা সম্মানি। সেমিনার বা কর্মশালার সঞ্চালক এবং আলোচকরা (সর্বোচ্চ তিনজন) জনপ্রতি ৪ হাজার টাকা করে সম্মানি পাবেন।
এছাড়া র্যাপোটিয়ার (যদি থাকে) সর্বোচ্চ দুইজন পর্যন্ত জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা সম্মানি পাবেন। অন্যদিকে, সেমিনার বা কর্মশালার অংশগ্রহণকারীদের জন্য জনপ্রতি ১ হাজার টাকা সম্মানি নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, নতুন এই সম্মানির হার জারির তারিখ থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) আয়োজিত সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানির হার সংক্রান্ত অর্থ বিভাগের ২৫ আগস্ট ২০২১ তারিখের ২২৯ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা মনে করছেন, সময়ের প্রয়োজন ও ব্যয় কাঠামোর পরিবর্তন বিবেচনায় এনে অনলাইনভিত্তিক সরকারি সেমিনার ও কর্মশালার জন্য সম্মানির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত বিভিন্ন সরকারি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার ব্যয় ব্যবস্থাপনায় নতুন কাঠামো অনুসরণ করা হবে।
নতুন পরিপত্রটি দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রবিধি-২ শাখা
www.mof.gov.bd
নম্বর : ০৭,০০.০০০০.০০০.১৭২.৩৩,০০০১.২৬-১৮৬
তারিখ: ০২ আষাঢ় ১৪৩৩ ১৬ জুন ২০২৬
পরিপত্র
বিষয়: অনলাইনে (Zoom Platform) আয়োজিত সেমিনার বা কর্মশালার সম্মানির হার পুনঃনির্ধারণ
সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (Zoom Platform) আয়োজিত সেমিনার বা কর্মশালা পরিচালনা সংক্রান্ত সম্মানির হার নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করিল:
বিবরণ ও সম্মানির হারঃ
১) মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি (যদি থাকে) ---৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা)
২) সেমিনার/কর্মশালার সঞ্চালকের সম্মানি---৪,০০০/- (চার হাজার টাকা) (জনপ্রতি)
৩) আলোচকের সম্মানি (অনধিক ৩ জন)---৪,০০০/- (চার হাজার টাকা) (জনপ্রতি)
৪) র্যাপোটিয়ারের সম্মানি (যদি থাকে) (অনধিক ২ জন)---২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা) (জনপ্রতি)
৫) সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীগণের সম্মানি---১,০০০/- (এক হাজার টাকা) (জনপ্রতি)
২. জারির তারিখ থেকে এ পরিপত্র কার্যকর হইবে; এবং
৩. অনলাইনে (Zoom Platform) আয়োজিত সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানির হার সম্পর্কিত অর্থ বিভাগের ২৫.০৮.২০২১ তারিখের ২২৯ নং স্মারকটি এতদ্দ্বারা বাতিল করা হইল।
স্বাক্ষরিত
ড. মোঃ ফেরদৌস আলম
যুগ্মসচিব



No comments
Your opinion here...