ad

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতে ওয়ার্ড-ইউনিয়ন তথ্য যাচাইয়ের নির্দেশ

Views

 




প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতে ওয়ার্ড-ইউনিয়ন তথ্য যাচাইয়ের নির্দেশ

২ জুনের মধ্যে প্রত্যয়নপত্র পাঠাতে হবে, ভুল তথ্য দিলে দায় কর্মকর্তার

ঢাকা, ২৪ মে ২০২৬: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রস্তুত কার্যক্রম চলমান থাকায় দেশের বিভিন্ন বিদ্যালয়ের ওয়ার্ড ও ইউনিয়ন সংক্রান্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিদ্যালয়ের অবস্থানসংক্রান্ত তথ্য যাচাই করে আগামী ২ জুনের মধ্যে প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ.এস.এম. সিরাজুদ্দোহা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল চূড়ান্তকরণের সময় বিভিন্ন বিদ্যালয়ের ওয়ার্ড ও ইউনিয়নের তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। ফলে ফলাফল প্রকাশে জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সঠিক অবস্থান তথ্য নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, IPEMIS-এ এন্ট্রিকৃত তথ্য অনুযায়ী প্রতিটি থানা বা উপজেলার আওতাধীন বিদ্যালয়গুলোর পৌরসভা, সিটি করপোরেশন ওয়ার্ড বা ইউনিয়ন সম্পর্কিত তথ্য উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাচাই করতে হবে। যাচাই শেষে ‘IPEMIS-এ ওয়ার্ড/ইউনিয়নের তথ্য সঠিক আছে’— মর্মে প্রত্যয়নপত্র আগামী ২ জুন ২০২৬ তারিখের মধ্যে dpescholarship@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

এতে সতর্ক করে বলা হয়েছে, ভুল তথ্য দেওয়ার কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ নির্দেশনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০,০০০,১০৭,৩৩,০০০১.২৫-১০৯১

তারিখ: ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ২৪ মে ২০২৬

বিষয়: বিদ্যালয়ের ওয়ার্ড ও ইউনিয়নের সঠিকতা যাচাইকরত প্রত্যয়নপত্র প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রস্তুতকরণের কার্যক্রম চলমান আছে। এক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ের ওয়ার্ড ও ইউনিয়নের তথ্যের অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল চূড়ান্তকরণে সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের ওয়ার্ড ও ইউনিয়নের সঠিকতা নিশ্চিত করা জরুরি।

২। এমতাবস্থায়, সংযুক্ত IPEMIS-এ এন্ট্রিকৃত তথ্য মোতাবেক তার আওতাধীন সকল থানা/উপজেলায় বিদ্যালয়ের অবস্থান (পৌর/সিটি ওয়ার্ড/ইউনিয়ন) থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই নিশ্চিত করে আগামী ০২ জুন ২০২৬ তারিখের মধ্যে dpescholarship@gmail.com মেইলে 'IPEMIS-এ ওয়ার্ড/ইউনিয়নের তথ্য সঠিক আছে' মর্মে প্রত্যয়নপত্র প্রদানের জন্য অনুরোধ করা হলো।

৩। উল্লেখ্য যে, ভুল তথ্য প্রদানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে কোন জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

৪। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

এ.এস.এম.সিরাজুদ্দোহা

উপপরিচালক (সংস্থাপন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.