ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ
ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে আসন্ন ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বেই এ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে সারাদেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সারা বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে—
ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা,
প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার তদারকি জোরদার করা,
প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা,
শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা কার্যক্রম চালু রাখা,
এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
প্রজ্ঞাপনে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব হয়ে উঠবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
সরকারি মাধ্যমিক-১ শাখা
www.shed.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.২২.১৪৬.২৪-৯৩
তারিখ: ১০ চৈত্র ১৪৩২ ২৪ মার্চ ২০২৬
বিষয়: সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন।
সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন নং- ০৩.০০.০০০০.০৮২.০৯৯০১২.২৬.২৬৫, তারিখ: ১৯ মার্চ ২০২৬।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আহ্বায়ক করে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদ উল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
০২। এমতাবস্থায়, আপনার অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
ক) ঈদ উল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে;
খ) প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে;
গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে;
ঘ) শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে এবং
ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।
০৩। বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
(মুহাম্মদ হেলাল চৌধুরী)
সিনিয়র সহকারী সচিব



No comments
Your opinion here...