ad

রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নিতে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

Views


রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নিতে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ঢাকা, ২৪ মার্চ ২০২৬:
রমজান মাসব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর পরবর্তী টানা ১০টি শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখের স্মারকের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত আরেকটি চিঠিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রমজানের ছুটি শেষে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান চালাতে হবে। এ বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের তদারকি জোরদার করতে বলা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তবে অতিরিক্ত শ্রেণি কার্যক্রম পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর চাপের বিষয়টিও বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন অনেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়-১ অধিশাখা

www.mopme.gov.bd

নং:৩৮.০০.০০০০.০০৭.০৮.০০২.২০২১-৭১

তারিখ: ০২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: রমজান মাস জুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয়সমূহ খোলা রাখা।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪০,০০৭,০০৩.২০১৭-২০৩; তারিখ: ০৫/০৩/২০২৬খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রমজান মাস জুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০২। বর্ণিত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

(রাজীব কুমার সরকার) 

উপসচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৪০.০০৭.০০৩.২০১৭-২২০

তারিখ: ১০ চৈত্র ১৪৩২ ২৪ মার্চ ২০২৬

বিষয়: রমজান মাস জুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখা সংক্রান্ত।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০৭.০৮.০০২.২০২১.৭১, তারিখ: ১৬ মার্চ ২০২৬

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রমজান মাস জুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় নির্দেশনা প্রদান করেছে।

২। এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়র নির্দেশনা পত্র- ০১ প্রস্থ।

স্বাক্ষরিত

মো: জয়নাল আবেদীন 

উপপরিচালক 

প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.