ad

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনে নতুন নীতিমালা জারি

Views



বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনে নতুন নীতিমালা জারি

এডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা: সভাপতি হতে হবে স্নাতক, বোর্ড মনোনয়ন দেবে

স্টাফ রিপোর্টার, ঢাকা:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ ২০২৬) জারি করা এ পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনস্থ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন করতে হবে সংশোধিত প্রবিধানমালা ২০২৪ অনুযায়ী।

পরিপত্রে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ অনুষ্ঠিত এক মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে। সংশোধিত প্রবিধান অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) ধারার আওতায় এডহক কমিটি গঠন করা হবে।

সভাপতির যোগ্যতা নির্ধারণ
নতুন নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষা প্রসার ও উন্নয়নে অবদান বা বিশেষ যোগ্যতার ভিত্তিতে মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে।

মনোনয়নের প্রক্রিয়া
এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মহানগর এলাকায় বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠাবেন।

প্রস্তাবে তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত অন্তর্ভুক্ত করতে হবে। এসব প্রার্থী হতে পারেন—

  1. সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা,

  2. অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ,

  3. স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি,

  4. সমাজসেবক বা খ্যাতিমান ব্যক্তি,

  5. অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

শিক্ষা বোর্ড প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।

অবিলম্বে কার্যকর
পরিপত্রে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এ পরিপত্রটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 বেসরকারি মাধ্যমিক-১ শাখা 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.shed.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১

তারিখ : ০২ চৈত্র ১৪৩২ ১৬ মার্চ ২০২৬

পরিপত্র

বিষয়: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী এডহক কমিটি গঠন সংক্রান্ত।

গত ১০.০৩.২০২৬ তারিখের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি/ম্যানেজিং কমিটি/এডহক কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডসমূহকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো:

(ক) এডহক কমিটির সভাপতি: শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ বা সমমান হবে। আবশ্যক ক্ষেত্রে এডহক কমিটির সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা সাপেক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

(খ) এডহক কমিটির সভাপতি মনোনয়ন: এডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,

মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি/ সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হইতে ৩ (তিন) জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হইতে একজনকে সভাপতি মনোনীত করিবেন।

২। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত

(সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী) 

উপসচিব। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.